
আন্তর্জাতিক ডেস্ক:
আগামী ৮ নভেম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচনে রোহিঙ্গাসহ সব জাতিগোষ্ঠীর মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আট সদস্যরাষ্ট্র। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই আহ্বান জানানো হয়।
বৈঠকের পরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডমিনিকান রিপাবলিক, বেলজিয়াম, এস্তোনিয়া, জার্মানি, ফ্রান্স ও তিউনিশিয়া এক যৌথ বিবৃতি দিয়ে রোহিঙ্গাদের সুরক্ষা ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ও এর জনগণের প্রতি সমর্থন ও প্রশংসা পুনর্ব্যক্ত করেন। তবে চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নাইজার, দক্ষিণ আফ্রিকা ও সেইন্ট ভিনসেন্ট এই বিবৃতিতে অংশ নেয়নি।
বৈঠকে মিয়ানমারের ৮ নভেম্বরের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও রাখাইনে সহিংস পরিস্থিতি, কোভিড-১৯ পরিস্থিতি, কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সঙ্গে অর্থবহ সংলাপ করার জন্য মিয়ানমারকে আহ্বান, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং এ সংক্রান্ত সব ধরনের আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন করার বিষয় নিয়ে আলোচনা হয়।
