মিয়ানমারের জান্তার পক্ষে তদবিরে ইসরাইলি লবিস্ট নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে কাজ করতে একজন লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইসরাইলি-কানাডীয় আরি বিন-মেনাশি পাবেন ২০ কোটি মার্কিন ডলার।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের নথির বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার জান্তা সরকারের পক্ষে তদবিরে আরি বিন-মেনাশি ও তার মন্ট্রিলভিত্তিক ফার্ম ডিকেনস অ্যান্ড ম্যাডসন গত ৪ মার্চ জান্তা সরকারের সঙ্গে চুক্তি সই করে। অভ্যুত্থানের একমাস পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপে থাকা মিয়ানমারের সেনাবাহিনী সঙ্গে তার এই সমঝোতা হয়েছে।

যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরাইল, রাশিয়া, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন দেশে তদবির করতে সম্মত হয়েছেন আরি বিন-মেনাশি। তারা আন্তর্জাতিক অঙ্গণে মিয়ানমারের ‘বাস্তব পরিস্থিতি’ তুলে ধরবেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিকে রেহাই দিতেও তাদের তদবির চলবে।

বিন-মেনাশি নিজেকে ইসরাইলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলে পরিচয় দেন। অতীতে তার বিরুদ্ধে অনেক বিতর্ক চাউর রয়েছে। ১৯৮০-এর দশকে ইরানে সামরিক বিমান বিক্রির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরবর্তীতে অভিযোগ থেকে তিনি খালাস পেয়ে যান।

ক্ষমতা দখলের পর মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ অন্তত দুই হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৬০ জন।কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে ও আটকদের মুক্তির দাবিতে দেশটিতে বিক্ষোভ অব্যাহত চলছে।

আগের সংবাদবাদ জোহর জাতীয় মসজিদে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
পরবর্তি সংবাদক্যান্সারে মারা গেলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী