আন্তর্জাতিক ডেস্ক :
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলায় সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে উদ্ধৃত করে দ্য কানাডিয়ান প্রেস এ খবর দিয়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।
এক বিবৃতিতে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগের বিষয়টিতে ক্যানাডার সমর্থন রয়েছে। এ বিষয়ে কীভাবে পূর্ণ সহায়তা প্রদান করা যায় সে পথ খুঁজছে কানাডা।’
গাম্বিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, বিষয়টি আইনি সমাধানের জন্য সমমনা দেশগুলোকে নিয়ে কাজ করবে তার দেশ। রোহিঙ্গা নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং মিয়ানমারে দীর্ঘ মেয়াদে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করবে কানাডা।
প্রসঙ্গত, ঘটনা তদন্তে ২০১৮ সালে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করে জাতিসংঘ। এ কমিশন তাদের প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জোরালো প্রমাণ তুলে ধরে। সে সময় ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের এ প্রতিবেদনকে সমর্থন জানায় কানাডার হাউস অব কমন্স।
এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন ঠেকাতে কোনো ভূমিকা রাখতে না পারার অভিযোগ এনে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেত্রী অং সান সুচিকে দেয়া সম্মানজনক নাগরিকত্বও বাতিল করে কানাডা।
