মিয়ানমারে বিদ্রোহীদের হামলা, ৯ পুলিশ সদস্য নিহত

ফাতেহ ডেস্ক

মিয়ানমারের রাখাইনের ইয়োতায়োকি গ্রামে বৌদ্ধ বিদ্রোহীদের হামলায় দেশটির অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন পুলিশ সদস্য আহত ও একজন নিখোঁজ রয়েছে।

শনিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার স্থলটি রাজ্যের রাজধানী থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির মিয়ানমার পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা এএফপিকে জানান, বিদ্রোহীদের অতর্কিতে এ হামলায় ঘটনাস্থলেই ৯ পুলিশ সদস্য নিহত হন। এছাড়া একজন গুরুতর আহত এবং আরেকজন নিখোঁজ রয়েছেন।

ফাঁস হওয়া পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়োতায়োকি পুলিশ স্টেশন থেকে প্রথমে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় বিদ্রোহীরা। তারপর পুলিশ সদস্যদের হত্যা করা হয়।

দেশটির ইংরেজি দৈনিক দ্য ইরাবতি জানিয়েছে, এ ঘটনায় পুলিশের তৈরি একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মির (এএ) প্রায় ১০০ জন সদস্য এ হামলায় অংশ নিয়েছে। তারা প্রথমে দায়িত্বরত পুলিশ সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু পুলিশ তা প্রত্যাখ্যান করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

রাখাইনে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নেতৃত্বে জাতিগত ও ধর্মীয় নিধন অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্টে বড় ধরনের অভিযানে নামে সেনারা। এ ঘটনায় প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলায় আশ্রয় নেয় সাত লাখেরও বেশি ধর্মীয় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা।

জাতিসংঘের স্বীকৃত রাখাইনে ওই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সেনাদের সহায়তা করেছিল সেখানকার বৌদ্ধরা। এখন সেই জাতিগত বৌদ্ধরা অধিকতর স্বায়ত্ত্বশাসন ও অধিকারের দাবি করায় তাদেরকেও রাখাইন-ছাড়া করতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যেই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

আগের সংবাদকলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৪
পরবর্তি সংবাদধর্ষণের শিকার তরুণীকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল