মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটাধিকার পায়নি রোহিঙ্গারা

আন্তর্জতিক ডেস্ক:

মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা পর্যন্ত। রাজধানী নেপিডোসহ সাতটি রাজ্য ও সাতটি অঞ্চলে একযোগে ভোট চলছে। সোমবার নির্বাচনের ফল পাওয়া যেতে পারে। খবর চ্যালেন নিউজ এশিয়ার।

মিয়ানমার টাইমস জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৬টার সময় ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরে ভোট দিচ্ছেন ভোটাররা।

এবারের নির্বাচনে ৩ কোটি ৭০ লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু রাখাইন-শান-কাচিন-মন ও বাগো এলাকায় বাতিল করা হয়েছে ভোটগ্রহণ। এতে, ভোটাধিকার প্রয়োগ বঞ্চিত হচ্ছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। তাই মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে রাখাইন রাজ্যসহ ৫৬টি শহরে নির্বাচন অনুষ্ঠান হবে না৷

রাখাইন ও চিন রাজ্যের আটটি শহরে ইন্টারনেট সংযোগ এরইমধ্যে বন্ধ রাখা হয়েছে৷ ফলে কেবল নির্বাচন নয়, করোনা নিয়ে তথ্য পাওয়ার সুযোগও সীমিত হয়ে গেছে এসব এলাকায়৷ ২০১৯ সালের ২১ জুন সরকার রাখাইন স্টেটের আটটি টাউনশিপে ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে, যা এখনও বহাল রয়েছে৷

এবারের নির্বাচনে ৯৩টি দল অংশ নিলেও, অং সান সু চি’র দল- এনএলডি এবং প্রধান বিরোধী- ইউএসডিপি সবচেয়ে জনপ্রিয়। বিবিসি ও সিএনএন জানিয়েছে, ধারণা করা হচ্ছে অং সান সু চির ‘জনপ্রিয়তা’ বিবেচনায় তার দল এনএলডি আবারও ক্ষমতায় আসবে। সেনা সমর্থন নিয়ে এবারও ভালো অবস্থানে আসবে সু চি’র দল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটা অনেকটাই নিয়মরক্ষার নির্বাচন হতে যাচ্ছে৷

দেশটির ৫০ লাখ তরুণ ভোটার৷ ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি সরকার সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করেছিল৷ ফলে অল বার্মা ফেডারেশন স্টুডেন্টস ইউনিয়ন আসন্ন নির্বাচন বর্জনের ডাক দিয়েছে৷

সবার কাছে গ্রহণযোগ্য এমন নির্বাচন আয়োজনের পথে প্রধান অন্তরায় হচ্ছে মিয়ানমারের সংবিধান৷ এটি অগণতান্ত্রিকও বটে৷ শুধু ৭৫ শতাংশ আসন পূর্ণ হয় জনগণের ভোটে, বাকি আসন শুধু মনোনয়ন৷ ২০০৮ সালে এ সংবিধান গ্রহণ করা হয়৷ এ সংবিধানের আলোকেই ২০১৫ সালে সাধারণ নির্বাচন হয়েছিল৷

আগের সংবাদবিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৫ কোটির বেশি
পরবর্তি সংবাদঅস্ট্রিয়ার পদক্ষেপে তুরস্কের তীব্র প্রতিবাদ