মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িত নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফাতেহ ডেস্ক:

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িত নেতাদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি কার্যনির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে সামরিক নেতা, তাঁদের ব্যবসা ক্ষেত্র এবং তাঁদের পরিবার। এ ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা এক বিলিয়ন ডলারের সরকারি তহবিলে যাতে সামরিক বাহিনী হাত না দিতে পারে, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালে গত মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে গুলি চালায় পুলিশ। এতে চারজন গুলিবিদ্ধ হয়। যাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা বলছেন, ওই নারীর মাথায় চারটি গুলি লেগেছে। তার বাঁচার আশা ক্ষীণ বলেও জানিয়েছেন তাঁরা। এ ঘটনার জের ধরেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

আগের সংবাদআদাবরের কাঁচাবাজারে আগুন
পরবর্তি সংবাদগফরগাঁওয়ের ৯ রাজাকারের রায় আজ