
ফাতেহ ডেস্ক :
সদ্যপ্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম চলে আসা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেছেন, ‘নিশ্চয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জামায়াতের দোসররা রয়েছে। তা নাহলে এ ধরনের ভুলে ধরা একটি রাজাকারের তালিকা প্রকাশ হতো না।’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন গোলাম আরিফ টিপু।
গোলাম আরিফ টিপু বলেন, ‘সারাজীবন দেশের জন্য, মানুষের জন্য কাটিয়ে দিলাম আর আজ এই অভিযোগ পেলাম। আমি ব্যথিত, মর্মাহত। আমি বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছি এবং কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই না। আমি কোনো দুর্বলতা দেখাতে চাই না। অন্যভাবে সমাধান না হলে, আদালতে গিয়ে আইনের আশ্রয় নেব। সারা জীবন বাঙালি, দেশের জন্য লড়াই করেছি। এভাবে হেয় প্রতিপন্ন করার অধিকার রাষ্ট্রের নেই।’
উল্লেখ্য, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসার বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে। আর ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে।’
