
ফাতেহ ডেস্ক:
হাটহাজারী মাদ্রাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যান বলে খবর পাওয়া গেছে। তিনি প্রায় সপ্তাহখানেকধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল।
মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালের খবর এমন এলো যখন প্রায় এক বছর পর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, সহযোগী ও সহকারী মহাপরিচালক, শিক্ষা সচিব, শায়খুল হাদিস এবং মজলিসে শুরার শূন্যপদে কাকে নিয়োগ দেওয়া হবে তা নিয়ে শুরা কমিটির বৈঠক চলছিল।
হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী বলেন, আমরা বৈঠকে মুহতামিম পদে প্রথমে আবদুস সালাম চাটগামী, নায়েবে মুহতামিম পদে মুফতি ইয়াহিয়াকে এবং মঈনে মুহতামিম পদে মুফতি জসিম উদ্দিনের নাম প্রস্তাবনা করেছিলাম। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই হার্ট অ্যাটাক করেন চাটগামী। তিনি তখন নিজ রুমে অবস্থান করছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন না। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। এরপর ভারপ্রাপ্ত মুহতামিম বা মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে বৈঠক আপাতত মূলতবি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফী রহ. এর জানাযার পর মজলিসে শুরার বৈঠকে হাটহাজারী মাদরাসার পরিচালনা করতে ‘মজলিসে এদারী’ নামে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়। যেখানে মুফতী আব্দুস সালাম চাটগামীকে প্রধান করে আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়াকে সদস্য করা হয়। গত এক বছর ‘মজলিসে এদারী’ জামিয়া পরিচালনা করে আসছিলেন।
