মুসলমানদের ঐক্যকে সুদৃঢ় রাখার মূল উপাদান হজ : জুনায়েদ বাবুনগরী

ফাতেহ ডেস্ক

পবিত্র হজের সমূহসম্ভাবনাকে কাজে লাগিয়ে মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি, সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বুধবার রাতে উত্তর চট্টলার প্রাচীনতম হজ সেবামূলক প্রতিষ্ঠান আল হাবীব হজ কাফেলার উদ্যোগে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুসলমানদের ঐক্যকে সুদৃঢ় রাখার মূল উপাদান হচ্ছে হজ। ইসলামের এ মহান স্তম্ভ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও সম্প্রীতি স্থাপনের অমূল্য সুযোগ এনে দেয়। হজ হচ্ছে ইসলামী সম্পর্ক ও সহানুভূতির বাস্তব প্রতীক। হজের বিশ্ব মিলনমেলার মাধ্যমেই মুসলিম উম্মাহর হারানো ঐক্য ফিরিয়ে আনা সম্ভব। এর সঙ্গে গোটা মুসলিম উম্মাহ জড়িত। যারা মুসলমানদের মনোযোগকে বাস্তবতা ও ইসলামের মূল চালিকাশক্তি থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে বিভক্তি ও বিচ্ছেদের বীজ বপন করতে চায়, তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক।

এ সভায় সভাপতিত্ব করেন আল হাবীব হজ কাফেলার চেয়ারম্যান ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা নাছির উদ্দীন মুনীর।

ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ সাহেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল মাদরাসার মহাপরিচালক আল্লামা নোমান ফয়জী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি জসিমউদ্দীন, ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমী।

হাটহাজারী গালস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিজাম সাইয়িদ ও মাওলানা মুহিউদ্দীন খানের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ, আল হুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরীস, মাওলানা আবদুল ওয়াদুদ নোমানী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা জাহাঙ্গীর মেহেদী, মাওলানা হোসাইন ফয়জী, মাওলানা হাফেজ শহিদুল্লাহ, মাওলানা আব্দুল খালেক ছানুবী ও মাওলানা আবুল হোসেন প্রমুখ।

আগের সংবাদতিন তালাক বিল মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতনেরই অংশ : ওয়াইসি
পরবর্তি সংবাদতিন তালাক নিষিদ্ধ যে দেশগুলোতে