
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজ্যসভায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূল বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের সব প্রদেশ, জেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় আগামী শুক্রবার শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জমিয়তে উলামায়ে হিন্দ। যারা ভারতের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখে, তারা পূর্ণ শক্তি দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আওয়াজ তুলবেন বলে আমরা আশাবাদী।
এর আগে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর গণমাধ্যমে বিবৃতি দিয়ে তা প্রত্যাখ্যান করেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা কারী সাইয়্যিদ মুহাম্মাদ উসমান মানসুরপুরী ও জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।
যারা ভারতের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখে তাদের উদ্দেশ্য জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে জানানো হয়, আপনার পূর্ণ শক্তি দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আওয়াজ তুলবেন বলে আমরা আশাবাদী।
