মুসলিম ব্রাদারহুডের নিন্দা না করায় ১০০ ইমাম বরখাস্ত করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিন্দা করতে ব্যর্থ হওয়ায় ১০০ ইমাম ও ইসলাম প্রচারককে (দাঈ) বরখাস্ত করেছে সৌদি আরব। মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে দেশটির ইমাম ও দাঈদের কাছে সরকারি নির্দেশনা ছিল যে, তাদের বিরুদ্ধে কথা বলা ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের নিন্দা জানানো। খবর সৌদি গেজেট, মিডল ইস্ট মনিটর।

খবরে জানা যায়, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রণালয় থেকে গত মাসের ১৩ নভেম্বর মোতাবেক ২৭ রবিউল আউয়াল শুক্রবার মসজিদে জুমআর খুতবায় প্রচারের জন্য মুসলিম ব্রাদারহুড সম্পর্কে যে নির্দেশনা জারি করা হয়। তাতে উল্লেখ ছিল-‘মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে বক্তব্য দেয়ার নির্দেশনা জারি করা হয়। ইসলামের নামে ভুল শিক্ষা দিচ্ছে মুসলিম ব্রাদারহুডের সদস্যরা। তারা সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাই দেশের প্রত্যেক ইমাম ও ইসলামিক ধর্মপ্রচারক তাদের ব্যাপারে নিন্দা ও বিরুদ্ধে সতর্কতামূলক অবস্থানের বিষয়টি প্রচার করতে নির্দেশ দেয়া হচ্ছে।’

দেশটির সিনিয়র স্কলার্স কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে যে, মুসলিম ব্রাদারহুড একটি সন্ত্রাসবাদী সংগঠন। যা ইসলামী জীবনযাত্রার প্রতিনিধিত্ব করে না। সিনিয়র স্কলার্স কাউন্সিলটি মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছিল যে, এটি একটি বিকৃত গোষ্ঠী; যা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়।’

এতে আরও বলা হয়, প্রতি শুক্রবার জুমআর নমাজের পর মুসলিম ব্রাদারহুডের উদ্দেশ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মুসলিম ব্রাদারহুড সংগঠনটি কীভাবে ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে তার স্বরূপ তুলে ধরতে হবে। তারা ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছনোর পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও মানুষকে জানাতে হবে।’

আগের সংবাদকরোনা শনাক্তের হার কমলেও বেড়েছে জটিল রোগী
পরবর্তি সংবাদবিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ