
ফাতেহ ডেস্ক
মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। অত্যন্ত দুঃখজনক। আমি মহান আল্লাহর কাছে তাঁর জন্য রহমত কামনা করি। মহান আল্লাহ তাঁকে সম্মানিত করুন আপন রহমের ছায়াতলে এবং পুর্ণ মাগফিরাত করুন।’
উল্লেখ্য, গতকাল সোমবার আদালতের এজলাসে বিচারকের উদ্দেশ্যে কথা বলার সময় মিশরের জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি বুকে ব্যাথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে আদালতের এজলাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। গত ৫ বছরের বেশি সময় ধরে তিনি কারাবন্দী ছিলেন। কারাগারের নানা অনিয়ম ও নির্যাতনে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।
