মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: ইসমাইলের আদালত এ আদেশ দেয়।

এদিন আসামি ওসি প্রদীপের আইনজীবীর অসমাপ্ত যুক্তি-তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শেষ হলে মেজর সিনহা হত্যা মামলার রায়ের দিন ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম পরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন । এর আগে বুধবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে আসামি পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের কাজ শুরু হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে। পরে ওই বছর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলার তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো: খাইরুল ইসলাম। এতে সাক্ষী করা হয় ৮৩ জনকে। গত ২৭ জুন আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।

আগের সংবাদঢাকা ও রাঙ্গামাটি করোনার রেড জোন ঘোষণা
পরবর্তি সংবাদকুখ্যাত গুয়ান্তানামো কারাগার বন্ধের আহ্বান ইলহান ওমরের