
ফাতেহ ডেস্ক পাবনার দাশুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম কোকেনসহ মামুনুর রশিদ ও শাহ আলম নামের দুজনকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে কোকেনসহ তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুনর রশিদ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহ আলম।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার পুলিশের এএসপি খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া এলপিজি স্টেশন এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায়। অভিযানে মামুন ও আলমের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
জব্দ করা কোকেনের মূল্য প্রায় দুই কোটি টাকা হবে বলে ধারণা করছে র্যাব। অবৈধ মাদক বহনের দায়ে তাদের আটক করে রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়।
