
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটিশ সরকার পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে পারফরম্যান্সের শীর্ষ তিনে উঠে এসেছে তিনটি মুসলিম বিদ্যালয়। এই তিনটি নিয়ে সেরা দশে জায়গা পেয়েছে চারটি মুসলিম বিদ্যালয়। ২০১৯ সালে চালানো রেঙ্কিং জরিপ এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
রেঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে ব্লাকবার্ন শহরের তৌহিদুল ইসলাম গার্লস হাইস্কুল। দ্বিতীয় স্থানে রয়েছে বার্মিংহামের ইডেন বয় স্কুল। তৃতীয় স্থানে রয়েছে কোভেন্ট্রির ইডেন গার্লস স্কুল। এই তিনটি বিদ্যালয়ের দাবি—তারা পরিচালিত হয় ইসলামি মূল্যবোধ এবং ব্রিটিশ মান অনুযায়ী।
যুক্তরাজ্য সরকার বিদ্যালয়ের পারফরম্যান্স পরিমাপের জন্য প্রতিবছরই এই জরিপ চালায়। জরিপে শিক্ষার্থীদের সার্বিক গ্রেড হিসেব করে মান বিচার করা হয়। এবার তৌহিদুল ইসলাম গার্লস স্কুলে ৮৩.৩ শতাংশ শিক্ষার্থী ইংরেজি এবং গণিতে সর্বোচ্চ গ্রেড পেয়েছে। টানা চতুর্থবারের মত এই শীর্ষ তকমা ধরে রেখেছে মুসলিম বিদ্যালয়টি।
মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন (এমসিবি) বলছে, মুসলিমদের সম্পর্কে চারপাশে নেতিবাচক ধারণা সত্ত্বেও মুসলিম বিদ্যালয়গুলো ভাল পারফরম্যান্স করেছে।
এমসিবি সেক্রেটারি জেনারেল হারুন খান বলেছেন, এই দুর্দান্ত পারফরম্যান্সে ধন্যবাদ পাওয়ার যোগ্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী সবাই। তাদের সবার কঠোর পরিশ্রমের কারণেই তারা এই ফল অর্জন করতে পেরেছে।
রাকিব
