যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ করলে প্রতিশোধ নেয়া হবে : তুরস্ক

আন্তরজাতিক ডেস্ক

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ কেনার কারণে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুর্কি সরকারের পক্ষে সোমবার এ হুশিয়ারি দেন।

জাতীয় টেলিভিশন টিজিআরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ করে তাহলে আমরাও প্রতিশোধমুলক পদক্ষেপ গ্রহণ করবো। আমরা এমন কোনো দেশ নই যাদের সঙ্গে শত্রুতা করে কেনো দেশ পার পেয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে চলতি মাসের শুরুতে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করেছে তুরস্ক।

এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, এফ-৩৫ প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দেয়ার সব রকমের প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। এফ-৩৫ হলো মার্কিন প্রযুক্তিতে তৈরি সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান। যা ন্যাটোভূক্ত দেশসহ অংশীদার অন্য দেশগুলো ব্যবহার করে। নিরাপত্তার কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের দীর্ঘদিনের ন্যাটো মিত্র তুরস্কের কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান আর বেঁচবে না বলে ঘোষণা দেন।

আগের সংবাদঅবশেষে ভারত মহাকাশে উৎক্ষেপণ করল চন্দ্রযান-২
পরবর্তি সংবাদআলোচনায় আগ্রহী, আইনি মোকাবেলায় যাবে না সাতাইশ মাদরাসা