
আন্তর্জাতিক ডেস্ক:
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আমরা যুদ্ধের ময়দানে শত্রুদের আমাদের শক্তিমত্তা দেখিয়েছি। বিশ্ববাসী আমাদের শক্তি দেখেছে। আজারবাইজানের মানুষের প্রত্যাশাই আমাদের শক্তির উৎস।
শনিবার রাতে এক টুইট বার্তায় তিনি এসব বলেন।
তুর্কি প্রচার মাধ্যম হেবারতুর্ককে দেয়া সাক্ষাৎকারে ইলহাম আলিয়েভ বলেছেন, আর্মেনিয়া তাদের গ্যাস ও তেলের পাইপ লাইনে আক্রমণ করেছে। আক্রমণ করে তারা সেগুলোর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। তারা যদি এ প্রচেষ্টা অব্যাহত রাখে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।
নাগোরনো-কারাবাখ আজারবাইজারের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারো স্বীকৃতি পায়নি।
বিতর্কিত নাগোরনো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জাড়িয়ে পড়ে। আর্মেনিয়ার বাহিনী আজারবাইজানের বসতি ও সামরিক ঘাঁটিতে হামলা করলে দুই দেশ ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে।
