যৌতুকের জন্য নির্যাতন : স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

যৌতুকের জন্য নির্যাতন : স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

ফাতেহ ডেস্ক :

চাহিদামাফিক যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর খ্যাপা ছিলেন স্বামী। কয়েকদিন পর স্ত্রীর হাত থেকে আচারের বয়াম পড়ে ভেঙে যাওয়ার অজুহাতে তাকে বেধড়ক মারধর করেন এবং এক পর্যায়ে মাথা ন্যাড়া করে দেন। গতকাল বৃহস্পতিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীর নাম মোরশেদুল ইসলাম (২২)। পেশায় তিনি ট্রাক চালক।

শুক্রবার সকালে পুলিশ মোরশেদুল ইসলামকে গ্রেফতার করেছে। মোরশেদুল দাবি করেন, স্ত্রী বাড়িতে থাকতে চায় না। তাই সে যাতে লজ্জায় বাহিরে যেতে না পারে সে জন্য তিনি তাকে ন্যাড়া করে দিয়েছি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর গ্রামের মোশাররফ হেসেনের ছেলে ট্রাকচালক প্রায় ৯ মাস আগে নাটোরের সিংড়া উপজেলার পাঁচপাকিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে মার্জিয়া আকতার রূপালীকে বিয়ে করেন।

রূপালীর মা মঞ্জুয়ারা বেগম জানান, বিয়ের সময় জামাইকে নগদ দেড় লাখ টাকা ও অন্যান্য জিনিস যৌতুক দেন। বিয়ের পর জামাই পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ জন্য সে আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। টাকা দিতে না পারায় স্বামী ও শাশুড়ি বেবি খাতুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

গত বুধবার দুপুরে রূপালীর হাত থেকে আচারের বয়াম পড়ে ভেঙে যায়। এ নিয়ে রূপালীর সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়। বৃহস্পতিবার দুপুরে মোরশেদুল বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে রূপালীকে মারধর করে। এরপর বাথরুমে নিয়ে ব্লেড দিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়।

এ সময় শাশুড়ি বাড়িতে ছিলেন না। তিনি ফিরে এসে রূপালীর চুলগুলো ফেলে দেন এবং তাকে ঘরে আটকে রাখেন। সুযোগ পেয়ে রূপালী মোবাইল ফোনে ঘটনাটি তার মা মঞ্জুয়ারা বেগমকে জানান।

শুক্রবার সকালে তিনি এসে গ্রামের লোকজনের সহযোগিতায় মেয়ে রূপালীকে উদ্ধার করেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ মোরশেদুলকে গ্রেফতার করে, জানান রূপালীর মা।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, নির্যাতিত গৃহবধূর মা মঞ্জুয়ারা বেগম দুপুরে থানায় জামাই, বেয়াই ও বেয়াইনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার মোরশেদুলকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আগের সংবাদভোলা হত্যাকাণ্ড : মুসলিম ঐক্যপরিষদের দোআ মাহফিল ফের স্থগিত
পরবর্তি সংবাদআজানের সুরে মুগ্ধ হয়ে নেদারল্যান্ডসের নীল মসজিদে অমুসলিমদের ভিড়