যৌন হয়রানির অভিযোগে ৯৯৯ নম্বরে দিনে ৫ কল

ফাতেহ ডেস্ক:

জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) সংশ্লিষ্ট সূত্র জানায়, নারীদের যৌন হয়রানির ঘটনায় ফোনকলের সংখ্যা বেড়েছে। গত পাঁচ মাসে এমন অভিযোগের প্রতিকার চেয়ে দিনে গড়ে পাঁচটি ফোনকল ৯৯৯ নম্বরে এসেছে। ফোনকলের এই হার আগের বছরগুলোর চেয়ে বেশি।

৯৯৯-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে নারীদের বিরুদ্ধে সহিংসতার বিভিন্ন ঘটনায় প্রতিকার চেয়ে সারা দেশ থেকে ৮ হাজার ৪২টি ফোনকল এসেছে। তার মধ্যে যৌন হয়রানি-উত্ত্যক্তের প্রতিকার চেয়ে কল এসেছে ৭০৩টি।

২০২১ সালে এক বছরে নারীর প্রতি সহিংসতার ঘটনায় ১২ হাজার ১৬৯টি কল এসেছিল। এর মধ্যে ১ হাজার ৭১টি কল এসেছিল যৌন হয়রানির ঘটনায়। ২০২০ সালে ৯৯৯ নম্বরে নারীর প্রতি সহিংসতার অভিযোগে ৬ হাজার ৩৩১টি কল এসেছিল। তার মধ্যে ৮৯৫টি ছিল যৌন হয়রানিবিষয়ক।

২০১৯ সালে নারীর প্রতি সহিংসতার অভিযোগে ৩ হাজার ১১৫টি কল আসে। তার মধ্যে ৭৩১টি যৌন হয়রানির ঘটনায়। ২০১৮ সালে নারীর প্রতি সহিংসতার অভিযোগে ২ হাজার ২৯২টি কল আসে। এর মধ্যে ৬৯২টি কর ছিল যৌন হয়রানির প্রতিকার চেয়ে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে নিজের অঙ্গ বা বস্তু দিয়ে নারী বা শিশুর যৌনাঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করলে, কোনো নারীর শ্লীলতাহানি করলে, সেই কাজ যৌনপীড়ন হিসেবে চিহ্নিত হবে। এ অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি ৩ থেকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৬ ধারায় ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌন হয়রানির ঘটনায় প্রতিকার চেয়ে ৯৯৯ নম্বরে ভুক্তভোগী, তাঁদের মা-বাবা, আত্মীয়স্বজন, এমনকি এলাকাবাসী বা পথচারীরা ফোন করছেন।

আগের সংবাদ২১জুন ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত আন্দোলন
পরবর্তি সংবাদদেশে ৪৮ লাখ মানুষ প্রতিবন্ধী: জরিপ