
ফাতেহ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি মাদক ও জুয়ার আখড়া আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় এক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়া হয়। শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ৫ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসায়ীদের উৎপাত বেড়েই চলেছে। পবিত্র রমজান মাসেও তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। ফলে তারা একত্রিত হয়ে শনিবার রাত ১১টায় হামলা চালায়। এ সময় ইয়াবা ব্যবসায়ী মোরশেদকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।
জনতার উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও মাদকসেবীরা মাদকের আসর ছেড়ে পালিয়ে যায়। পরে মাদকের আখড়া ভেঙে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এ সময় সেখানে থাকা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
