রাখাইনে আরও ৬ লাখ রোহিঙ্গা ‘গণহত্যার হুমকি’তে, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরও ৬ লাখ রোহিঙ্গা ভয়াবহ ‘গণহত্যার হুমকি’তে রয়েছে। গণহত্যার ঝুঁকি নিয়েই মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গা মুসলমানরা সেখানে বাস করছেন বলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়, এখনও রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা ‘মানবেতর ও শোচনীয়’ পরিস্থিতির মধ্যে বসবাস করছে। মিয়ানমার তাদের ব্যাপারে এখনও গণহত্যার মানসিকতা পোষণ করে। এ অবস্থায় সেখানে থাকা রোহিঙ্গারা ভয়াবহভাবে গণহত্যার হুমকির মুখে জীবন-যাপন করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের প্রত্যাবাসনও ‘অসম্ভব’ এক বাস্তবতার মুখে রয়েছে।

জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ বা তথ্যানুসন্ধান দল মিয়ানমারের সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন জেনারেলকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এর আগে ২০১৭ সালে রাখাইনে ‘গণহত্যা’, গ্রাম জ্বালিয়ে দেওয়া, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিং অং হ্লেইংসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে সুপারিশ জানায় ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

আগের সংবাদরোহিঙ্গাদের এনআইডি দেয়ার অভিযোগে ইসি কর্মীসহ আটক ৩
পরবর্তি সংবাদঝিনাইদহে সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু