
ফাতেহ ডেস্ক:
রাজধানীর উত্তরার একটি নির্মাণাধীন ভবন থেকে ৩১টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। সদ্য সমাপ্ত ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে নাশকতার দায়ে গ্রেফতার হওয়া দুই আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার এসব বোমা উদ্ধার করা হয়। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে। রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশে বোমাগুলো মজুদ করা হয়েছিলো বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
গত ১২ই নভেম্বর ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের সময় উত্তরার কামারপাড়া থেকে বিএনপির ৫৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সোহেল ও কর্মী মামুনকে বোমাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে বোমা তৈরীর কারখানা ও মজুদ করার স্থান সম্পর্কে জানতে পারেন গোয়েন্দারা।
সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে এক প্রবাসীর নির্মাণাধীন এই ভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময়, ভবনটির ছাদে ব্যাগের ভেতর মোড়ানো অবস্থায় ৩১টি বোমা তাজা উদ্ধার করা হয়। পরে, পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, বোমাগুলোতে স্পিন্টার থাকায় সেগুলো খুবই শক্তিশালী ছিলো। রাজনৈতিক সহিংসতা ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে বোমাগুলো মজুদ করা হয় বলেও জানান তিনি।
হাফিজ আক্তার আরও জানান, এই ঘটনায় জড়িত আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা যাচাইবাছাই করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
