রাজধানীর মুহাম্মদপুরে মারকাযুল লুগা’র আরবি ভাষা-শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক

রাজধানীর মুহাম্মদপুরস্থ মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে একদিনব্যাপী আরবি ভাষা-শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬-৯-২০১৯ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে দেশের বিভিন্ন মাদরাসা ও আরবি ভাষা বিভাগের ৩০ জন শিক্ষক-প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় কর্মশালাটি। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটির গ্রাজুয়েট ও মারকাযুল লুগা’র প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দিন ফারুকী।

সকালে মারকাযুল লুগার সম্মানিত শিক্ষক মাওলানা আব্দুর রহমানের সূচনা বক্তব্য এবং অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর শায়েখ মহিউদ্দিন ফারুকী মূল প্রশিক্ষণ প্রদান শুরু করেন। শিক্ষকের পরিচয়, গুরুত্ব, সম্মান ও শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব, ভাষা ও আরবি ভাষা, বিদেশী ভাষা হিসেবে আরবি ভাষা পাঠদান পদ্ধতি, আরবি ভাষার বিভিন্ন দক্ষতা ও পাঠদানের কলাকৌশল এবং সফল শিক্ষক হওয়ার আলোকিত পথ–এই পাঁচটি প্রধান শিরোনামের অধীনে প্রশিক্ষণ চলে। বিকেল পাঁচটায় প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়।

আরবি ভাষা-শিক্ষকদের জন্য এমন একাডেমিক ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় সকলেই মারকাযুল লুগার শুকরিয়া আদায় করেন।

প্রশিক্ষণার্থী মাওলানা কামরুজ্জামান, যিনি একটি মাদ্রাসার বর্তমান শায়খুল হাদিস, এবং যাঁর বয়স এখন ষাট ছুঁইছুঁই, তিনি বলেন এমন প্রশিক্ষণ জীবনের শুরুতে পেলে আরো বেশি সফল হতে পারতাম।

মাদরাসাতুল কুরআনের আরবী ভাষার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ সালিম বলেন, আমি এমন কোর্সের শূন্যতা অনুভব করছিলাম দীর্ঘদিন। এই কোর্সের মাধ্যমে আমার সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং আমি ধারণার চাইতেও অনেক বেশি উপকৃত হয়েছি।

নারায়ণগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসার আরবী ভাষা বিভাগের প্রধান মাওলানা যয়নুল আবেদীন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আবারও প্রমাণ হলো, শেখার কোনো বয়স নেই। এর মাধ্যমে আমরা মারকাযের সাথে সরাসরি যুক্ত হয়ে গেলাম। সামনে আরো দীর্ঘ সময় নিয়ে এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হবে সেই প্রত্যাশা করছি।

এভাবেই প্রশিক্ষণার্থীদের একে একে বিভিন্ন অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আগের সংবাদহার্টে গুরুতর সমস্যা : আল্লামা হবিগঞ্জীকে সিলেট থেকে ঢাকায় রেফার
পরবর্তি সংবাদদিনাজপুরের প্রত্যন্ত গ্রামে আলো জ্বালছেন একদল আলেম