ফাতেহ ডেস্ক :
উত্তম কুমার গোস্বামী নামে এক হিন্দু শিক্ষক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি হিন্দু সংগঠনের একজন নেতাও।
ভারপ্রাপ্ত ওই সুপার উক্ত মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। পাশাপশি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গত ৩১শে অক্টোবর মাদরাসার সুপার অবসরে যান। এরপর সহকারী সুপার মো. হাসান আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করা হয়। এরই মাঝে সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ভারপ্রাপ্ত সুপার প্রার্থী হওয়ায় আমরা ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করেছি। মাদরাসার নতুন সুপার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।
