
ফাতেহ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে অংশ নিতে এদিন সকালে ঢাকায় পৌঁছেছেন বাবুনগরী।
সূত্রে জানা গেছে, গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তিসহ কয়েকটি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন হেফাজত আমির। সংগঠনটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ আরও কয়েকজন এতে অংশ নেবেন বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকায় আসেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। ঢাকায় পৌঁছে বারডেম হাসপাতালে নিয়মিত মেডিকেল চেকআপ করান তিনি।
বাবুনগরীর সঙ্গে হাটহাজারী থেকে ঢাকায় এসেছেন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা আহমদ শফীর সাবেক একান্ত সহকারী মাওলানা শফিউল আলম।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘উনারা ফোন দিয়ে সাক্ষাতের অনুমতি চেয়েছেন, মন্ত্রী মহোদয় আসতে বলছেন।’
