আন্তর্জাতিক ডেস্ক :
শনিবার বহুল আলোচিত বাবরি মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। ভারতের একটি বড় অংশ সেই রায়কে স্বাগত জানালেও প্রশ্নও তুলেছেন অনেকে। তাৎপর্যপূর্ণভাবে সেই রায় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিও। এবার সেই তালিকায় নাম লেখালেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি প্রশ্ন তুলেছেন, ‘রাম কি ঐতিহাসিক না পুরানের চরিত্র?’
সোমবার বাবরি মসজিদ রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কণ্ডেয় কাটজু বলেছেন, রামের নির্দিষ্ট জন্মস্থান বলে দেওয়াটা হাস্যকর। এমনকি যদি ধরে নিই পুরানের বদলে রাম ঐতিহাসিক চরিত্রই ছিল, তাহলেও কি বলে দেয়াটা সম্ভব হাজার বছর আগে সে কোথায় জন্মেছিল?
উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
