
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ধর্মীয় স্থান নিয়ে দশকের পর দশক ধরে চলা বিরোধ নিষ্পত্তিতে একটি মধ্যস্থতা কমিটি নিযুক্ত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালত এক রায়ে এ কমিটি গঠনের নির্দেশ দেন। খবর আল জাজিরার।
গতকাল আদালতের রায়ে বলা হয়, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এফএম কালিফুল্লার নেতৃত্বাধীন একটি প্যানেলের মাধ্যমে ‘রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিরোধ’ নিষ্পত্তির মধ্যস্থতা করা হবে। এ প্যানেলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী শ্রীরাম পঞ্চু এবং স্বঘোষিত হিন্দু ধর্মগুরু রবি শঙ্কর।
অযোধ্যার এক হেক্টর জমির ওপর অবস্থিত ধর্মীয় স্থানটি নিয়ে দীর্ঘ ৭০ বছর ধরে বিরোধ চলছে। ষোড়শ শতকের মোগল সম্রাট বাবর নির্মিত মসজিদটি হিন্দু দেবতা রামের একটি মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছে বলে দাবি করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। রামের জন্মস্থান হিসেবে পরিচিত অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় একটি রাম মন্দির নির্মাণের জন্য ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেললে দেশজুড়ে হিন্দু-মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়ে।
