
ফাতেহ ডেস্ক
বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় খরচে হজ পালন করতে যাওয়া ৫৮ সদস্যের ওলামা-মাশায়েখ দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে মসজিদে নববি কর্তৃপক্ষ। এ সময় ওলামা-মাশায়েখদের এ দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
মঙ্গলবার সকালে তারা মদিনায় মসজিদে নববি এলাকা পরিদর্শনে গেলে এ অভ্যর্থনা জানানো হয়।
প্রতিনিধি দলকে মসজিদে নববীর প্রধান কর্মকর্তা মোহাম্মদ আল খুদায়েরী বলেন, অতীতে বাংলাদেশের এতো বড় আলেম প্রতিনিধি দল এখানে আসেনি। বাংলাদেশের শীর্ষ আলেমদের কাছে পেয়ে তারা আনন্দিত।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের সঙ্গেও তিনি সুসম্পর্ক বজায় রাখছেন।
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বকে সমর্থন জানাবে বাংলাদেশ। পরে বাংলাদেশের আলেম ও ধর্ম প্রতিমন্ত্রীকে মহানবি হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারকে সালাম ও দরুদ পেশ এবং রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সুব্যবস্থা করেন মসজিদে নববী কর্তৃপক্ষ।
