রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

ফাতেহ ডেস্ক

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার দায়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। বিষয়টি থেরেসা মে নিজেই জানিয়েছেন। তবে যেসব তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে, তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন উইলিয়ামসন।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানন্ত্রী থেরেসা মে বলেন, ‘উইলিয়ামসনের ওপর আর আস্থা রাখা যাচ্ছে না। মন্ত্রিসভার বৈঠকে তাকে সরিয়ে দেয়া হয়েছে।’

জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট সবচেয়ে গোপনীয় বিষয়গুলো নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে (এনএসসি) আলোচনা হয়। এ কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন, সিনিয়র মন্ত্রীরা এ কমিটির সদস্য।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, গত সপ্তাহে এনএসসির এক বৈঠকে চীনা টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়েকে ফাইভ জি নেটওয়ার্কের কাজ দেয়া নিয়ে আলোচনা হয়। সেসব গোপন তথ্য উইলিয়ামসন বাইরে ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়টি নিয়ে দ্য টেলিগ্রাফ খবর প্রকাশ করলে দেশটির পার্লামেন্টে আলোচনা ঝড় ওঠে, দেশজুড়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লে উইলিয়ামসনকে পদত্যাগ করতে বলে তেরেসা মের সরকার।

এ সংক্রান্ত চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তদন্ত করা হয়েছে। এতে উইলিয়ামসনের দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেছে। দায়ী করার মতো তিনি ছাড়া আর কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

আগের সংবাদআলোচিত সেই দেহরক্ষীকেই বিয়ে করলেন রাজা
পরবর্তি সংবাদরোজায় ভেজাল প্রতিরোধে সজাগ থাকবে বিএসটিআই: শিল্পমন্ত্রী