
ফাতেহ ডেস্ক
বহুল আলোচিত রিফাত হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং রিফাতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মুফতী ফয়জুল্লাহ লিখেন, বরগুনায় রিফাত শরীফকে রাস্তায় ফেলে, স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে, নৃশংসভাবে কুপিয়ে হত্যার বর্বরতম ঘটনায় আজ লাল নীল কষ্টে ভাসছে বাংলাদেশ। রিফাত শরীফের জন্য হাহাকার করছে সব মানবিক মন। এ কষ্টের যন্ত্রণা গভীর। আমি একা নই, সারা বাংলাদেশ আজ কষ্টের যন্ত্রণায় কাতর।
মুফতী ফয়জুল্লাহ আরও লিখেন, ‘এমন বর্বর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ, হতবাক। ক্ষুব্ধ সারা দেশের মানুষ। রিফাত শরীফের ওপর এই নির্মম ও ঘৃণ্য হত্যাকাণ্ড বিচারহীনতার সংস্কৃতির ফসল কিনা, তা গভীরভাবে চিন্তা করতে হবে। আমি মনে করি, বিভিন্ন সময় সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর ইনসাফ ভিত্তিক বিচার হলে, ইনসাফের সংস্কৃতি চালু হলে আজকের এ অবস্থার সৃষ্টি হতো না নিঃসন্দেহে।
বাংলাদেশের জন্য এ ধরনের হত্যাকাণ্ড নিদারুণ আতঙ্কের এবং খুবই বিপদজনক উল্লেখ করে মুফতী ফয়জুল্লাহ লিখেন, আগ্রাসী জালিমের হামলার মুখে আজ অরক্ষিত দেশের আইন, প্রচন্ডভাবে অরক্ষিত দেশের আদর্শিক সীমান্তও। আমি এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ, বাকরুদ্ধ ও উদ্বিগ্ন।
সবশেষে বিশিষ্ট রাজনীতিবিদ এ আলেম লিখেন, জালিমের হামলা প্রতিরোধের দায়ভার প্রতিটি মানুষ প্রতিটি আলেম, প্রতিটি শিক্ষক, প্রতিটি ছাত্র ও প্রতিটি নাগরিকের। এ লড়াই হতে হবে কোরআনি জ্ঞানের তরবারি দ্বারা। ইসলামে এটিও জিহাদ। জিহাদের অংশ হিসেবেই হত্যাকারী, জালিমদের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে।
