ফাতেহ ডেস্ক :
রাজধানীর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত শিশুর সংখ্যা বেড়ে দাড়ালো ৭-এ। নিহত ৭ শিশু হলো- শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪) ও রমজান (৮), নিহাদ ও রিয়া।
এদিকে সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে (৩০) প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। তাকে পঙ্গু হাসপাতাল থেকে গ্রেফতার করে ঢামেকে পুলিশি প্রহড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের পূর্ব প্রান্তে চলন্তিকা বস্তিঘেঁষা এলাকায় দু-একদিন পরপর ভ্যান নিয়ে গিয়ে বেলুন বিক্রি করেন আবু সাঈদ। স্থানীয় দরিদ্র শিশুদের অনেকে টাকার বদলে কুড়িয়ে পাওয়া বোতলসহ বাতিল সামগ্রী জমা দিয়েও বেলুন নিত তার কাছ থেকে। বুধবার বিকেলেও তাকে দেখে এটা-সেটা নিয়ে যায় শিশুরা।
বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীতে ১১ নম্বর সড়কে ওই বিস্ফোরণ হয়। আবু সাঈদ সিলিন্ডারের গ্যাসে ফোলাতেন বেলুন। সেই সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। পথের মধ্যেই লাশ হয় চার শিশু। একজনের লাশ পাওয়া যায় বস্তিতে। এতে আহত হয় ১৭ জন। মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের আহাজারি ও আহতদের নিয়ে ছোটাছুটি শুরু হয়।
এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, এ ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। আহত ও নিহতদের পাশে দাঁড়াতে তিনি নির্দেশনা দেন।
