রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পরিবহনে স্থাপিত হলো বিশেষ ক্রেন

ফাতেহ ডেস্ক:

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সম্প্রতি ট্রেসেল ক্রেন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে +৪৭.৫০ মিটার এলিভেশনে ক্রেনটি স্থাপিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রসাটম কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও ঠিকাদার রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দুটি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ কাজের পরিচালক আলেক্সি দেইরি জানান, ২২৫ টন ওজনের এই ক্রেনটি রাশিয়ায় তৈরির পর এটিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে আনা হয়েছে। প্রকল্প সাইটেই ক্রেনের অংশগুলো সংযোজনের কাজ সম্পন্ন করা হয়।

তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্রটি চলাকালীন অত্যন্ত ভারী যন্ত্রপাতি ও জ্বালানির লোডিং-রিলোডিংয়ের জন্য এটি ব্যবহৃত হবে।

আগের সংবাদব্রিটিশ মন্ত্রী ও সাংবাদিকসহ ৫৪ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
পরবর্তি সংবাদজি-২০ জোটের দেশগুলোর প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর