
ফাতেহ ডেস্ক:
মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও প্রায় ৪২ কোটি টাকা সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
এতে বলা হয়, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন কক্সবাজার ও ভাসান চরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য এই অর্থ সহায়তার ঘোষণা করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের (ইউএনএইচসিআর) মাধ্যমে এটি দেয়া হবে।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, স্যার ফিলিপ বার্টন পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নেয়ার জন্য বর্তমানে বাংলাদেশ সফর করছেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার যে অঙ্গীকার, এই কৌশলগত সংলাপে সেটিই প্রতিফলিত করা হবে।
স্যার ফিলিপ বার্টন বলেন, আমি ইউএনএইচসিআরের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের আরও প্রায় ৪২ কোটি টাকা সহায়তা ঘোষণা করতে পেরে আনন্দিত। নতুন এই সহায়তা কক্সবাজার এবং ভাষানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন পরিষেবা এবং রান্না করার জন্য জ্বালানি নিশ্চিত করতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ, রোহিঙ্গা এবং এই সংকটে আক্রান্ত সবার পাশে থাকবে যুক্তরাজ্য। অনুকূল পরিবেশে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আমরা চাপ দিয়ে যাচ্ছি। যতদিন তা না হবে, আমরা ততদিন রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়কে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
