
আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে দেখা উচিত। তাদেরকে তাদের নিজেদের রাজ্য গড়ে তুলতে সুযোগ দেয়া উচিত।
ড. মাহাথির মোহাম্মদ আরো বলেন, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা যদিও মালয়েশিয়ার নেই, কিন্তু মিয়ানমার যেভাবে হত্যাযজ্ঞ বা গণহত্যা ঘটছে, সেজন্যই এক্ষেত্রে মালয়েশিয়া তা করছে। ড. মাহাথির বলেছেন, অবশ্যই এক সময় ভিন্ন ভিন্ন অনেক রাজ্য নিয়ে মিয়ানমার গড়ে উঠেছে। কিন্তু বৃটিশরা মিয়ানমারকে একটি রাজ্য হিসেবে শাসন করার সিদ্ধান্ত নেয়। আর এ কারণে মিয়ানমারে বিভিন্ন উপজাতিগোষ্ঠী এক মিয়ানমারের ভিতর অঙ্গীভূত হয়। কিন্তু এখন তাদেরকে নাগরিক হিসেবে দেখা উচিত। অথবা তাদেরকে তাদের নিজেদের রাজ্য নিজেদেরকে গঠন করতে দেয়া উচিত।
ড. মাহাথির তুরস্ক সফরকালে সেদেশের বার্তা সংস্থা আনাদুলুকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন।
