রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নির্দিষ্ট তারিখ চাইবে ঢাকা

ফাতেহ ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করার জন্য নবনির্বাচিত মিয়ানমার সরকারের কাছে দাবি জানাবে। বাংলাদেশের বন্ধু দেশগুলো এ ব্যাপারে নেপিদোর ওপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ বিষয়ে মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের বন্ধু দেশগুলো ঢাকাকে আশ্বস্ত করেছে যে মিয়ানমারের নির্বাচন শেষ হয়েছে। এখন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য নেপিদোর ওপর নতুন করে চাপ জোরদার করবে। চীন, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতো আমাদের বন্ধুরা বলেছে, তারা আমাদের সহায়তা করবে যাতে মিয়ানমার এ ব্যাপারে (রোহিঙ্গা প্রত্যাবাসন) উদ্যোগ নেয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড–১৯ মহামারি ও মিয়ানমারের নির্বাচনের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা বন্ধ ছিল। ঢাকা এখন মিয়ানমারে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, মিয়ানমারে নতুন সরকার পূর্ণাঙ্গরূপে গঠিত হওয়ার পর অন্যান্য দেশগুলো যখন এই সরকারকে স্বীকৃতি দেবে, বাংলাদেশও তখন স্বীকৃতি দেবে।

ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যদিও স্থানান্তরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, ঢাকা রোহিঙ্গাদের এখন স্থানান্তর করতে চাইছে।

আগের সংবাদবাংলাদেশ ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরবে না: জয়
পরবর্তি সংবাদভ্যাকসিনের বিকল্প জানালেন ডা. আবদুল্লাহ