
ফাতেহ ডেস্ক:
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা জনগণের আবাস ব্যবস্থা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার ইউএনএইচসিআর সহ আন্তর্জাতিক সংস্থাগুলিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং প্রতিনিধি দলের প্রধানদের সাথে বৈঠকে এই আহ্বান জানান।
সভায় জানানো হয়, সরকার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত আরও আশি হাজার রোহিঙ্গাকে স্বল্পতম সময়ের মধ্যে ভাসানচরে স্থানান্তরিত করার উদ্যোগ নিয়েছে। ১৮ হাজারেরও বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে, বাকি রোহিঙ্গাদের শিগগিরই স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনএইচসিআর-এর মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলরা বৈঠকে যোগ দেন।
