রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ গাম্বিয়ার বিচারমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ গাম্বিয়ার বিচারমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর মারি তামবাদু। গতকাল শুক্রবার ভয়েস অব আমেরিকার কাছে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত বৃহস্পতিবার রাখাইনে রোহিঙ্গা গণহত্যা বন্ধ এবং এ জাতিগোষ্ঠীর সুরক্ষার জন্য আন্তর্জাতিক বিচারিক আদালত মিয়ানমারকে চার দফা নির্দেশনা বাস্তবায়নের আদেশ দেয়ার পর এক প্রতিক্রিয়ায় গাম্বিয়ার বিচারমন্ত্রী বলেন, ‘আমার এবং গাম্বিয়ার দেশবাসীর পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের সমর্থন দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।’

বিচারমন্ত্রী আরও বলেন, ‘শুধু আমাদেরকেই না রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে বাংলাদেশ সহায়তা দিয়েছে তার জন্যও আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি এই সহায়তা অব্যাহত থাকবে এবং আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনে পরিবর্তন আনতে পারব।’

উল্লেখ্য, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুল কাফি আহমেদ ইউসুফ দ্য হেগের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টায়) গণহত্যা থেকে রাখাইনের সংখ্যালঘুদের রক্ষায় আনুষ্ঠানিকভাবে চারটি অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করেন।

এগুলো হলো—০১. রোহিঙ্গাদের হত্যা, মানসিক ও শারীরিক নিপীড়ন ও ইচ্ছাকৃত আঘাত করা যাবে না। ০২. গণহত্যার আলামত নষ্ট করা যাবে না। ০৩. গণহত্যা কিংবা গণহত্যার প্রচেষ্টা বা ষড়যন্ত্র না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ। ০৪. মিয়ানমারকে অবশ্যই চার মাসের মধ্যে লিখিত জমা দিতে হবে, যেন তারা সেখানে পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নিয়েছে। এরপর প্রতি ৬ মাসের মধ্যে আবার প্রতিবেদন দিতে হবে।

আগের সংবাদকাশ্মীরে চালু হলো টু-জি ইন্টারনেট
পরবর্তি সংবাদআল-আকসা মসজিদে আবারও হামলা, ইজরাইলি পুলিশের হাতে আটক ১৩