‘রোহিঙ্গা গণহত্যা, আরও চাপে পড়তে যাচ্ছে মিয়ানমার’

‘রোহিঙ্গা গণহত্যা, আরও চাপে পড়তে যাচ্ছে মিয়ানমার’

ফাতেহ ডেস্ক :

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, ‘পাবলিক ট্রায়াল শুরু হয়ে গেছে। এখন এই সমস্যা তাদের (মিয়ানমারকে) দীর্ঘদিন ভোগাবে। আন্তর্জাতিক বিচারিক আদালতের শুনানিতে দুইশ’ বারের বেশি ‘মিয়ানমারে গণহত্যা’ শব্দটি উচ্চারিত হয়েছে এবং মানুষ সেটি শুনেছে।’

রবিবার (২৯ ডিসেম্বর) রোহিঙ্গা সমস্যা এবং দায়বদ্ধতা বিষয়ক এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচারিক আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে একইসঙ্গে একই বিষয় নিয়ে মামলা চলছে। পাশাপশি আজেন্টিনাতেও মামলা চলছে, যা সামগ্রিক বিচারিক প্রক্রিয়াকে দৃঢ় করবে।’

রোহিঙ্গাদের ওপর নির্যাতন তদন্তে জাতিসংঘের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেসটিগেশন মেকানিজম কাজ শুরু করেছে। ১৩৪টি দেশ এটি শুধু সমর্থনই করেনি, এর সঙ্গে এটি কার্যকর করার জন্য অর্থ সরবরাহের বিষয়েও একমত হয়েছে। রাজনৈতিকভাবে অনেকে বলে থাকে- আমি তোমার সঙ্গে আছি, কিন্তু যখন অর্থ দেয় তখন বোঝা যায় প্রতিশ্রুতি কতটুকু শক্তিশালী।’

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিবাদ নয়, বরং এটি মিয়ানমার এবং তাদের অধিবাসীদের মধ্যে সমস্যা। এই সমস্যা অনেক আগে সমাধান হওয়া উচিত ছিল কিন্তু তারা এটি করেনি।’

আগের সংবাদটেক্সাসে গির্জায় গোলাগুলি, নিহত ২
পরবর্তি সংবাদআসামে নির্মাণ হচ্ছে সবচেয়ে বড় বন্দিশিবির