
আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র সফরে যেতে পারবেন না। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর দায়ে দেশটির সেনাবাহিনীর আরো তিন কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ এই চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। অপর তিন কর্মকর্তা হলেন সেনাপ্রধান হ্লেইংয়ের সহযোগী সোয়ে ইন, ব্রিগেডিয়ার জেনারেল থ্যান ওও এবং অং অং।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন যে, মিয়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি। সারা দেশেই এখনো মিয়ানমার সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন চালিয়ে আসছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। জাতিসংঘ রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে জাতিগত নিধনে পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে চিহ্নিত করেছে।
আরএইচ/
