
ফাতেহ ডেস্ক
চীনকে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপে রাখার প্রস্তাব দেবে বাংলাদেশ। এই ইস্যুতে চীন সফরে শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বললেন, তাদের বোঝানো হবে রোহিঙ্গাদের কারণে এ অঞ্চলে সন্ত্রাসবাদের উত্থান হতে পারে। ফলে বাংলাদেশ ও মিয়ানমারে চীনা বিনিয়োগ হুমকিতে পড়বে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে পহেলা জুলাই পাঁচ দিনের চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম বেইজিং সফর। দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে রোহিঙ্গা ইস্যু। পররাষ্ট্রমন্ত্রী জানান, এই বিষয়ে ঢাকার পক্ষে চীনের সমর্থন রয়েছে। তাই সংকট সমাধানে বেইজিংয়ের ভূমিকা জোরালো করার তাগিদ দেয়া হবে।
তিনি জানান, চীনের কাছে তুলে ধরা হবে রোহিঙ্গা ইস্যুতে কি রকম অপপ্রচার চালাচ্ছে মিয়ানমার। তথ্য দেয়া হবে, বিশ্ববাসীকে কিভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে তারা।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান শুধু দ্বিপাক্ষিক বৈঠকই নয়, চীন সফরে আন্তর্জাতিক সব ফোরামেই গুরুত্বে সঙ্গে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরবে ঢাকা।
