
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা সরকারের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দুপুরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনায় দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার সময় প্রসঙ্গটি তোলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি মাসের তৃতীয় সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এবং অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যা নিয়ে কীভাবে আলোচনা করা যায়, সে প্রসঙ্গ তাঁদের আলোচনায় এসেছে। স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের পাশে থাকবে, তা মার্কিন রাষ্ট্রদূত গতকাল আবার উল্লেখ করেন।
উল্লেখ্য, ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত বেশ কিছু দেশি-বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসব এনজিওর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকার কক্সবাজারে এদের কার্যক্রম বন্ধ করেছে। এসব এনজিওর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও অ্যাডরাও রয়েছে।
