
ফাতেহ ডেস্ক:
গাইবান্ধা পৌরসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে র্যাব-পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার পর এলাকাবাসীকে আতঙ্কিত না হতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহাদত হোসেন সদরের পূর্ব কোমরনই এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাভাবিকভাবে চলাফেরা করার আহবান জানান। এসময় জেলা পরিষদের সদস্য নাহিদ ফারজানা শিমুলও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
গত শনিবার দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ব কোমরনই কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় ভোট গণনা সঠিক হয়নি দাবি করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটকে রাখে কাউন্সিলর প্রার্থী ইউনুস আলী শাহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার উল সরোয়ার সাহিববের সমর্থকরা। পরে তারা র্যাব-পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
