লাখো মুসল্লির উপস্থিতিতে দরগাহ মাদরাসার মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাযা সম্পন্ন

ইলিয়াস মশহুদ :

জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রাহ. সিলেটের মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজের জানাজায় ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে। আজ মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে তাঁর নামাজের জানাযায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে শেষ বিদায় জানান বরেণ্য আলেম ‘চলন্ত কুতুবখানা’ খ্যাত মুফতি আবুল কালাম জাকারিয়াকে। মরহুমের জানাজায় ইমামতি করেন দরগাহ মাদরাসার নবনির্বাচিত মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মুহিবুল হক গাছবাড়ি।

জানাজা শেষে প্রবীণ এই আলেমকে সিলেট দরগাহ মাদরাসার হিফজখানার বোর্ডিংয়ের সামনে শায়িত করা হয়েছে। মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজের জানাযায় অংশ নিতে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন। সকাল ৯টার আগেই আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। জানাজায় দরগাহ মাদরাসার ছাত্র-শিক্ষক, সিলেটের আলেম সমাজ, সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে উঠে। এসময় মাদরাসা মাঠে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে যান। আলিয়া মাদরাসা মাঠ থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মুসল্লিরা অবস্থান নেন।

এদিকে, অনেক মুসল্লি যানজট আর ভীড়ের কারণে জানাজায় অংশ নিতে না পারায় আফসোস করতে থাকেন। মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাজার পূর্বে বিভিন্ন পর্যায়ে শিক্ষক, আলেম, রাজনীতিক ও মরহুমের স্বজনসহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জানাযার নামাজের পূর্বে মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহপুর মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি ও আঙ্গুরা মোহাম্মদপুরের মুহতামিম শায়খ জিয়া উদ্দিন, বোর্ডের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী,  জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মুক্তকলম সম্পাদক মাওলানা এহতেশামুল হক কাসিমী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ,  সিলেট এম.সি কলেজের প্রফেসর মাহমুদুল হাসান, মরহুমের আপন ভাই প্রফেসর দেলওয়ার হোসেন, জামাতা মুজম্মিল হোসেন, দরগাহ মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা আসাদ উদ্দিনসহ জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটের সময় মাদরাসায় আসরের নামাজের অজু করার প্রস্তুতি নিচ্ছিলেন মুফতি আবুল কালাম জাকারিয়া। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুতালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মূল বাড়ি সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাগুয়া গ্রামে। বর্তমানে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে বসবাস করছিলেন। মুফতি আবুল কালাম যাকারিয়া ১৯৫৬ সালের ১৫ই মার্চ জন্ম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ভাগুয়া গ্রামে। তিনি খলিফায়ে মাদানী শায়খ আব্দুল হক গাজীনগরী রাহ. এর জামাতা।

আগের সংবাদপাকিস্তানের ৩ নদীর পানি আটকে রেখেছে ভারত
পরবর্তি সংবাদভিপি পদ পুননির্বাচনের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ