আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়ার রাজধানী ত্রিপোলির বন্দরে আজ ১৮ ফেব্রুয়ারি সকালে অস্ত্র ও গোলাবারুদবাহী তুর্কি জাহাজে হামলার দাবি করেছে লিবিয়ার বিদ্রোহী সশস্ত্র মিলিশিয়া বাহিনী। খবর আরটি।
খবরে বলা হয়, বেনগাজিভিত্তিক বিদ্রোহী সেনাকমান্ডার খলিফা হাফতার বাহিনীর কর্ণেল খালিদ মাহযুব বলেন, সশস্ত্র মিলিশিয়াদের হস্তান্তরের জন্য ত্রিপোলির বন্দরে মঙ্গলবার সকালে নোঙ্গর করা তুর্কি অস্ত্রবাহী জাহাজে হামলা করা হয়েছে।
উল্লেখ্য, লিবিয়া সংকটে তুরস্ক আন্তর্জাতিক স্বীকৃত রাজধানী ত্রিপোলিভিত্তিক ঐক্যমতের সরকারের সমর্থনে কাজ করছে। বিদ্রোহীদের থেকে রাজধানী রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সামরিক বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ দিয়ে আসছে। অন্যদিকে বেনগাজীভিত্তিক বিদ্রোহী সেনাকমান্ডার খলিফা হাফতারকে আরব আমিরাত ও মিসর সমর্থন দিয়ে আসছে।
উল্লেখ্য, নিরাপত্তাপরিষদের সিদ্ধান্ত অনুসারে ত্রিপোলির কোন পক্ষের নিকট অস্ত্র বিক্রির ব্যপারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো পক্ষ তা মানছে না বলে অভিযোগ আছে।
জাহাজে হামলার বিষয়ে ঐক্যমতের সরকার কিংবা তুর্কি পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
