
ফাতেহ ডেস্ক:
কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার শাইখুল হাদীস ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব মাওলানা শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা মাওলানা আমিনুল ইসলাম মামুন।
শাইখুল হাদীস মাওলানা শামসুল ইসলাম রহ. জামিয়া ইমদাদিয়ায় ১৯৮৩ থেকে অত্যন্ত সুনামের সাথে পাঠদান দিয়ে আসছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীনের প্রচারে অবদান রাখার ফলে পুরো দেশেই তাঁর হাজারো ছাত্র ও ভক্ত রয়েছে।
এ ছাড়াও ১৯৮৬ থেকে তিনি ঐতিহাসিক শহীদী মসজিদে প্রতি সপ্তাহের শনিবারে কোরাআনের তাফসির করতেন।
শাইখুল হাদীস মাওলানা শামসুল ইসলাম রহ.-এর ইন্তেকালে কিশোরগঞ্জসহ সারা দেশে তার ছাত্র ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
