শিক্ষার্থীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয়-কলেজ খোলা কঠিন: জাতীয় কমিটি

ফাতেহ ডেস্ক:

করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি বলেছে, ছাত্র-ছাত্রীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা কঠিন হবে। কমিটি ১৮ বছরের ওপরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন বলে মতামত দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পরামর্শক কমিটির ২২তম সভায় এ বিষয়ে মতামত জানিয়ে বেশকিছু সুপারিশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ইতোমধ্যে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনিকার তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করেছে। এজন্য সরকার অর্থও বরাদ্দ করেছে।

জাতীয় পরামর্শক কমিটি আরো উল্লেখ করে, দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাকসিন বিতরণ, রক্ষণাবেক্ষণ ও দেওয়ার প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। একইসঙ্গে ছাত্রছাত্রীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা কঠিন হবে বলে মন্তব্য করে কমিটি বলছে, ১৮ বছরের ঊর্ধ্বে ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে (গত ২৩ নভেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগের সংবাদবিমানের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’
পরবর্তি সংবাদরাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না আজ