
ফাতেহ ডেস্ক:
সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এ সময় তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত।
আসামিপক্ষের শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
২০১৫ সালে এ ঘটনায় আদালতে চার্জশিট দেওয়া হয়। এরমধ্যে হত্যাচেষ্টা মামলায় এক আসামি রকিব ওরফে রাকিবুর রহমানের বয়স ঘটনার সময় ১০ বছর ছিল উল্লেখ করে হাইকোর্টে মামলা বাতিলে আবেদন করা হয়। ২০১৭ সালে ওই আবেদনের একই সালের ২৩ আগস্ট হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। গত ২৪ সেপ্টেম্বর সেই রুলের ওপর শুনানি শুরু হয়। গত ৬ অক্টোবর এ রুলের ওপর শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, আদালত রুল খারিজ করে দিয়েছেন। যেহেতু পুরানো মামলা তাই তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলেছেন। আর আবেদনকারীকে শিশু বলা হলেও চার্জশিট দেওয়ার সময় তার বয়স ১৬ বছরের বেশি ছিল। তাই শিশু আদালতে তার বিচারের প্রয়োজন নেই।
