
ফাতেহ ডেস্ক :
৭৫ পরবর্তী মাইনরিটি (সংখ্যালঘু) বান্ধব সরকার হলো শেখ হাসিনার সরকার। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সরকারের আমলে সংখ্যালঘুরা সুখে ও শান্তিতে আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা মাইনরিটিদের সবচেয়ে আপনজন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছিল হতাশা। পরে বঙ্গবন্ধুর রক্তে ভেজা মাটিতে ঐক্যের পতাকা নিয়ে আসেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের জন্য পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে সারাদেশে চলমান শুদ্ধি অভিযান সফল করব। এখন দরকার ক্লিন ইমেজের পার্টি। আমরা দূষিত রক্ত রাখব না।
এর আগে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় জাতীয় পতাকা উত্তোলন ,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
