
ফাতেহ ডেস্ক
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের গির্জা ও আবাসিক হোটেলে ভয়াবহ সিরিজ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। পাশাপাশি ওই দিন রাতে এই হামলার জেরে শ্রীলঙ্কার একটি মসজিদে হামলা চালানোরও তীব্র নিন্দা ও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এসব হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে মুফতী ফয়জুল্লাহ বলেন, এমন জঘন্য হামলায় আমরা হতবাক। পাশাপাশি এ হামলার জেরে শ্রীলঙ্কার একটি মসজিদে হামলার ঘটনায় আমরা শঙ্কিতও। এমন হামলা সে-দেশে সাম্প্রদায়িক বিবাদকে উস্কে দেয় কি না, এ ব্যাপারে আমরা চিন্তিত। আমরা আশা করছি এ ধরনের বর্বর ও সন্ত্রাসী হামলা বন্ধ করার জন্য শান্তিকামী বিশ্ব সম্প্রদায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে।
মুফতী ফয়জুল্লাহ আরও বলেন, এই বর্বর সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিকসহ দেশটির সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় আমি শোক প্রকাশ করছি। গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের পরিবার-পরিজনের প্রতি। শ্রীলঙ্কা সরকার এবং সে দেশের নাগরিকদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।
