
ফাতেহ ডেস্ক :
জাতীয় সংসদে আইন পাস করে নবিকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন মাওলানা মনজুরুল ইসলাম। তিনি বলেন, আমরা স্ত্রী সন্তান হারিয়ে ধৈর্য ধরতে পারি, কিন্তু নবির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে সহ্য করতে পারি না। জাতীয় সংসদে আইন পাস করে নবিকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি নিশ্চিত করতে প্রধামন্ত্রীকে আহবান জানাচ্ছি।
আজ দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাসুল সা.কে নিয়ে বিরূপ কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ ও তৎসংশ্লিষ্টদের শাস্তির দাবিতে আয়োজিত হেফাজত ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।
সমাবেশে দেয়া বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বললে মামলা হয়, নবির বিরুদ্ধে কিছু বললে প্রতিবাদ সমাবেশও করা যায় না। আগামি ২৪ ঘন্টার মধ্যে মুসল্লিদের মামলা প্রত্যাহার করতে হবে।
মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, এটা দুঃখের—মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নবির ইজ্জত রক্ষায় এখনো শহীদ হতে হয়। যে পুলিশগণ গুলি চালিয়েছে, তাদের সুষ্ঠু বিচার করা হোক।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি ফয়জুল্লাহ, মুফতি আবুল হাসানাত আমিনী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মামুনুল হক, মাওলানা শফিকুদ্দিন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মনজুরুল ইসলামসহ আরও অনেকে।
